নুরী আক্তার মুন, ডেস্ক রিপোর্ট :
গরমের তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে অতিরিক্ত তেলাভাব, ঘাম ও ধুলাবালির কারণে বিভিন্ন সমস্যা দেখা দেয়। এ সময় ত্বকের উজ্জ্বলতা কমে যাওয়া, ব্রণ, ট্যান এবং দাগছোপের ঝুঁকি বেড়ে যায়।
বিশেষজ্ঞরা বলছেন, শুধু সানস্ক্রিন ব্যবহার করলেই যথেষ্ট নয়; বরং রোদে যাওয়ার আগে কিছু অভ্যাস এড়িয়ে চলা জরুরি।
এর মধ্যে রয়েছে—লেবু বা সাইট্রাস জাতীয় উপাদান ত্বকে ব্যবহার না করা, ভারী তেল বা ঘন ক্রিম এড়িয়ে চলা, রেটিনল জাতীয় পণ্য দিনের বেলায় ব্যবহার না করা, স্ক্রাব বা অ্যাসিডযুক্ত এক্সফোলিয়েটিং প্রোডাক্ট ব্যবহারের পর রোদে না যাওয়া এবং পারফিউম সরাসরি ত্বকে না লাগানো।
বিশেষজ্ঞরা আরও জানান, রোদে যাওয়ার আগে ত্বক পরিষ্কার করে হালকা ময়েশ্চারাইজার ব্যবহার এবং ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন ব্যবহার করা উচিত। পাশাপাশি ছাতা, সানগ্লাস ও স্কার্ফ ব্যবহারের মাধ্যমে অতিবেগুনি রশ্মি থেকে ত্বক সুরক্ষা পাওয়া যায়।
তারা সতর্ক করে বলেন, সঠিক সময়ে সঠিক স্কিনকেয়ার রুটিন না মানলে গরমে ত্বকের ক্ষতি দীর্ঘস্থায়ী হতে পারে।

