ভারতের কূটনৈতিক অঙ্গনে নতুন রদবদল আনা হয়েছে। ঢাকায় দায়িত্ব পালনরত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বর্তমান দায়িত্ব শেষে তিনি ব্রাসেলসে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেবেন।
এই নিয়োগের মাধ্যমে তিনি সেখানে কর্মরত রাষ্ট্রদূত সৌরভ কুমারের স্থলাভিষিক্ত হবেন।
প্রণয় ভার্মা ২০২২ সালের সেপ্টেম্বরে ঢাকায় ভারতের ১৮তম হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ কূটনৈতিক ক্যারিয়ারে তিনি হংকং, সান ফ্রান্সিসকো, বেইজিং, কাঠমান্ডু, ওয়াশিংটন ডিসি ও হ্যানয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মিশনে দায়িত্ব পালন করেছেন।

