হরমুজ প্রণালির আকাশে নজরদারি মিশন চলাকালে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অত্যাধুনিক এমকিউ-৪সি ট্রাইটন ড্রোন মাঝপথে জরুরি সংকেত পাঠানোর পর রাডার থেকে অদৃশ্য হয়ে গেছে। ঘটনাটি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
প্রতিবেদনে জানা যায়, ড্রোনটি পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী এলাকায় প্রায় তিন ঘণ্টার নজরদারি মিশন সম্পন্ন করে ইতালির সিগোনেলা নৌঘাঁটিতে ফেরার পথে ছিল। এ সময় এটি হঠাৎ ইরানের দিকে সামান্য মোড় নেয় এবং ৭৭০০ জরুরি সংকেত পাঠায়। এরপর দ্রুত উচ্চতা হারিয়ে এটি রাডার থেকে হারিয়ে যায়।
এখন পর্যন্ত ড্রোনটি বিধ্বস্ত হয়েছে নাকি ভূপাতিত করা হয়েছে তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে ঘটনাটি এমন সময়ে ঘটল যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে এবং আঞ্চলিক উত্তেজনা কিছুটা কমার আশা করা যাচ্ছিল।
বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সামরিক নজরদারি ড্রোনগুলোর একটি হিসেবে পরিচিত এমকিউ-৪সি ট্রাইটন, যা ৫০ হাজার ফুটের বেশি উচ্চতায় দীর্ঘ সময় ধরে সমুদ্রপথে নজরদারি চালাতে সক্ষম। এটি মূলত হরমুজ প্রণালির মতো কৌশলগত জলপথে টহল ও তথ্য সংগ্রহে ব্যবহৃত হয়।
ঘটনাটিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক আবারও অনিশ্চয়তার মুখে পড়তে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও নতুন করে প্রশ্ন উঠছে আন্তর্জাতিক মহলে।

