দীর্ঘদিনের কর্মহীনতা আর আর্থিক অনটনের মেঘ কাটিয়ে অবশেষে শুটিং সেটে ফিরেছেন জনপ্রিয় অভিনেতা শামীম হোসেন। প্রায় তিন দশকের অভিনয়জীবনে অসংখ্য চড়াই-উতরাইয়ের সাক্ষী এই অভিনেতা গত কয়েক বছর ধরে কাজের অভাবে বেশ কঠিন সময় পার করছিলেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) তিনি নিজেই কাজে ফেরার খবর নিশ্চিত করে জানান, বর্তমানে তিনি একক নাটকের শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এবং সামনে আরও কিছু নতুন প্রজেক্টের কথা চলছে। উল্লেখ্য, গত এক বছর পর্দায় নিয়মিত না থাকায় শামীম হোসেন তীব্র অর্থসংকটে পড়েছিলেন, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি আবেগঘন ভিডিও বার্তা বেশ আলোচনার সৃষ্টি করেছিল।

পরিবারের পাঁচ সদস্যের দায়িত্ব পালন করতে গিয়ে একপ্রকার দিশেহারা হয়ে পড়েছিলেন এই শিল্পী। তবে নতুন করে কাজে ফিরতে পেরে তিনি এখন বেশ আশাবাদী। আশির দশকে আফসানা মিমির ‘বন্ধন’ নাটকের মাধ্যমে অভিনয় শুরু করা এই অভিনেতা অসংখ্য জনপ্রিয় নাটক ও ২০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।

