সত্যজিৎ দাস, (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজার জেলায় আসন্ন এসএসসি, দাখিল এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা হয়।
সভায় জানানো হয়,আগামী ২১ এপ্রিল থেকে জেলায় এসএসসি পরীক্ষার জন্য ৩৭টি, দাখিলের জন্য ১০টি এবং এসএসসি (ভোক) ও দাখিল (ভোক) মিলিয়ে মোট ৭টি পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।
পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার,প্রশ্নপত্র ও উত্তরপত্রের নিরাপত্তা নিশ্চিত করা, সিসিটিভি ক্যামেরা স্থাপন, ভিজিল্যান্স টিম গঠন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা। এছাড়া পরীক্ষা চলাকালীন কোচিং সেন্টার বন্ধ রাখা এবং মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করার বিষয়েও জোর দেওয়া হয়। প্রশ্নফাঁস প্রতিরোধে কঠোর অবস্থান নেওয়ার কথাও সভায় জানানো হয়েছে।
সভায় জেলা প্রশাসক,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি),জেলা শিক্ষা কর্মকর্তা, সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যাণ),বিভিন্ন কেন্দ্রের কেন্দ্রসচিবসহ সংশ্লিষ্ট শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সভা শেষে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়।

