সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বালক দল। একই আসরে অনূর্ধ্ব-১৫ বালক দল ব্রোঞ্জ পদক অর্জন করেছে।
ভারতের শিমলাতে ৮ থেকে ১১ এপ্রিল অনুষ্ঠিত প্রতিযোগিতায় এই সাফল্যের ফলে বাংলাদেশ দল আগামী ২১ থেকে ২৭ জুন ২০২৬ ওমানের মাস্কাটে অনুষ্ঠিতব্য আইটিটিএফ-এটিটিইউ এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করেছে।
গ্রুপ পর্বে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপাল সমান ৫ পয়েন্ট অর্জন করলেও সেট ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষস্থান নিশ্চিত করে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ ৩-১ সেটে শ্রীলঙ্কাকে পরাজিত করে।
ম্যাচের শুরুতে আবুল হাসেম হাসিব ২-৩ গেমে হারলেও পরবর্তীতে ঘুরে দাঁড়ায় দল। নাফিজ ইকবাল ও জয় ইসলাম ৩-০ গেমে জয় এনে দেন। শেষ ম্যাচে অধিনায়ক নাসিফ ইকবাল ৩-১ গেমে জয় নিশ্চিত করে দলের শিরোপা নিশ্চিত করেন।
বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদ সনেট জানান, এই সাফল্য খেলোয়াড়, কোচ, ম্যানেজার, কর্মকর্তা, স্পন্সর ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি বলেন, উচ্চতা ও ঠান্ডা আবহাওয়ায় খেলতে গিয়ে শুরুতে কিছু সমস্যা হলেও খেলোয়াড়রা দ্রুত মানিয়ে নেয়।
তিনি আরও জানান, পর্যাপ্ত অর্থায়নের অভাবে দলকে দিল্লি থেকে প্রায় ১০ ঘণ্টা সড়কপথে ভ্রমণ করে টুর্নামেন্টের আগের দিন শিমলায় পৌঁছাতে হয়, যা পারফরম্যান্সে কিছুটা প্রভাব ফেলেছে।
অন্যদিকে, অনূর্ধ্ব-১৫ বালক দল নেপালকে ৩-১ ও মালদ্বীপকে ৩-০ সেটে হারালেও শ্রীলঙ্কা ও ভারতের কাছে হেরে ব্রোঞ্জ পদক অর্জন করে। তবে ভিসা জটিলতার কারণে একজন খেলোয়াড় ছাড়াই দলটি অংশ নেয়।
অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-১৫ বালিকা দল প্রত্যাশিত ফল অর্জন করতে পারেনি এবং সব ম্যাচে পরাজিত হয়।
উল্লেখ্য, গত আসরে বাংলাদেশ ৭টি ব্রোঞ্জ পদক অর্জন করেছিল। এবার একটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ পদকসহ উল্লেখযোগ্য সাফল্য এসেছে। আগামী শুক্র ও শনিবার একক, দ্বৈত ও মিশ্র দ্বৈত ইভেন্ট অনুষ্ঠিত হবে।

