সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্কুলছাত্র জুনায়েদ মিয়া হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
র্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৮ এপ্রিল) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পতনউষা এলাকায় অভিযান চালিয়ে মামলার পলাতক আসামি মো. মতিন মিয়া (৩০)কে গ্রেপ্তার করা হয়। তিনি শ্রীমঙ্গল উপজেলার আলিশারকুল এলাকার চেরাগ আলীর ছেলে।
ঘটনার বিবরণে জানা যায়,নিহত জুনায়েদ মিয়া (১৫) শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। তার বাবা দুবাই প্রবাসী হওয়ায় সে মায়ের সঙ্গে দেশে বসবাস করত।
গত ২৭ মার্চ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে জুনায়েদ তাদের বাড়ির সামনে একটি গাছের গোড়ায় বসে মোবাইলে গেম খেলছিল। পরে তাকে আর দেখা না গেলে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। খোঁজ না পেয়ে তার মা শ্রীমঙ্গল থানা-এ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এর দুই দিন পর,২৯ মার্চ রাতে শ্রীমঙ্গল উপজেলার পূর্ব বাদে আলীশা এলাকার একটি ঘাসক্ষেতে একটি মরদেহ পড়ে থাকার খবর পান পরিবারের সদস্যরা। ঘটনাস্থলে গিয়ে তারা জুনায়েদের শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন দেখতে পান এবং মরদেহ শনাক্ত করেন।
পরে জুনায়েদের মা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে শ্রীমঙ্গল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পেনাল কোডের ৩০২/২০১/৩৪ ধারায় দায়ের করা হয়।
ঘটনার পর থেকেই র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে এই মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেছেন।

