ওসমানীনগর( সিলেট) প্রতিনিধি :
সিলেটের ওসমানীনগরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার তাজপুর কদমতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম ভুঁইয়ার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে কদমতলা বাজার এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১৫০ বস্তা অবৈধ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জিরার আনুমানিক বাজারমূল্য ২৮ লক্ষ ৩৫ হাজার টাকা।
অভিযান চলাকালীন পুলিশ জিরা বহনকারী ট্রাকটি (ময়মনসিংহ ট-১১-০৬৮৫) জব্দ করে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ট্রাকচালক মাঈন উদ্দিনকে (৩৫) আটক করা হয়েছে। তিনি গোয়াইনঘাট উপজেলার পাথনী এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে। এছাড়া অজ্ঞাত একজন পলাতক রয়েছে।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাজপুর বাজারে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ জিরা জব্দ করেছি। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

