সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার,ক্লিনিক ও হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বুধবার (০৮ এপ্রিল ২০২৬) হাজীগঞ্জ,সদর, বড়লেখা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন বড়লেখা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া। এতে প্রসিকিউশন প্রদান করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
অভিযান চলাকালে বিভিন্ন প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং পরিষ্কার- পরিচ্ছন্নতার অভাব লক্ষ্য করা যায়। এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯-এর ৩৯ ও ৫৩ ধারায় একটি মামলায় মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি সংশ্লিষ্ট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর কর্তৃপক্ষকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা,সেবার মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে রাখা এবং নির্ধারিত নিয়ম মেনে স্বাস্থ্যসেবা প্রদানের নির্দেশনা দেন।
তিনি আরও বলেন,স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

