শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি:
ভরদুপুরে তপ্ত রোদে দাঁড়িয়ে দীর্ঘ সময় নোয়াখালীর পেট্রোল পাম্প গুলোতে তেলের জন্য অপেক্ষারত বাইকার ও বিভিন্ন যানবাহনের ড্রাইভারদের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ করে মানবিকতার এক ব্যতিক্রমী উদ্যোগ পরিচালনা করা হয়েছে নোয়াখালীতে।
কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের নির্দেশনায় জেলা ছাত্রদল নেতা রাসেলের নেতৃত্বে নেতাকর্মীরা এই উদ্যোগ পরিচালনা করেন।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে জেলা শহরের হক ফিলিং স্টেশনসহ বিভিন্ন ফিলিং স্টেশনে সংগঠনটির উদ্যোগে অপেক্ষমাণদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
জানা যায়, তীব্র গরম ও দীর্ঘ অপেক্ষার কারণে কষ্টে থাকা মানুষের মাঝে কিছুটা স্বস্তি এনে দিতে এমন উদ্যোগ নেয় নোয়াখালী জেলা ছাত্রদল।
বাইকার জাহাঙ্গীর হোসেন বলেন, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এতে খুব কষ্ট হচ্ছিল। ছাত্রদলের এই খাবার ও পানির ব্যবস্থা আমাদের জন্য অনেক স্বস্তির হয়েছে। অনেক ধন্যবাদ ছাত্রদলের নেতাকর্মীদেরকে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী এনবিএস রাসেল, নোয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাফরাতুল ইসলাম নাবিল, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী করিম উদ্দিন বাবু,শহর ছাত্রদলের সভাপতি প্রার্থী জোবায়ের হোসেন আরিফ ও সেক্রেটারি প্রার্থী ইমরান হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী এনবিএস রাসেল বলেন, তেল সংকটের কারণে সাধারণ মানুষকে দীর্ঘ সময় ভোগান্তিতে পড়তে হচ্ছে। এই কষ্ট কিছুটা লাঘবের লক্ষ্যেই কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশনায় আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। আমরা বিশ্বাস করি, মানুষের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব— যতদিন সংকট থাকবে ততদিন এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

