জয়পুরহাট প্রতিনিধি :
জয়পুরহাট জেলা সদরের জামালগঞ্জ এলাকায় অবৈধভাবে তেল মজুদ রাখার দায়ে একটি ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ট্রাফিক আইন অমান্য করার অপরাধে চারজন মোটরসাইকেল চালকের কাছ থেকে মোট ২ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম তানভীর উল আলম।
অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী জামালগঞ্জের একটি ফিলিং স্টেশনের মালিককে জরিমানা করা হয়। এছাড়া সড়ক পরিবহন আইন, ২০১৯ অনুযায়ী ট্রাফিক বিধি লঙ্ঘনের দায়ে চারজন মোটরসাইকেল চালককে পৃথকভাবে জরিমানা করা হয়।
অভিযানে মোট ১২ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে, যা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

