আহমেদ মুনহা, চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকানের সঙ্গে জীববিজ্ঞান অনুষদভুক্ত শিক্ষকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, গবেষণার মানোন্নয়ন এবং সার্বিক উন্নয়ন বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, জীববিজ্ঞান অনুষদ গবেষণায় তুলনামূলকভাবে এগিয়ে এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রগতিতে এ অনুষদের শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
উপাচার্য আরও বলেন, “আমরা শুধু শিক্ষক নই, গবেষকও। গবেষণাকে এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে সমাজ ও রাষ্ট্র সরাসরি উপকৃত হয়।” তিনি শিক্ষকদের নিয়মিত ক্লাস গ্রহণ, সময়মতো পরীক্ষা সম্পন্ন, খাতা মূল্যায়ন ও দ্রুত ফলাফল প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সেশনজট শূন্যে নামিয়ে আনা এবং শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
তিনি বলেন, নিজ নিজ দায়িত্বের প্রতি সচেতন থেকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষকদের সহযোগিতা কামনা করেন।
সভায় জীববিজ্ঞান অনুষদের শিক্ষকরা নবনিযুক্ত উপাচার্যকে অভিনন্দন জানান এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। তারা বিভিন্ন সমস্যা, মতামত ও পরামর্শ তুলে ধরেন।
চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া।

