সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬। “ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা”,“Sports: Building Bridges,Breaking Barriers” এবং “গড়বো ক্রীড়ায় সেতু,বন্ধন করবো বাধা দূরীকরণ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী নানা কর্মসূচি আয়োজন করা হয়।
সোমবার (৬ এপ্রিল) সকালে জেলা প্রশাসন মৌলভীবাজারের উদ্যোগে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে জেলা প্রশাসনের কর্মকর্তা,ক্রীড়া সংগঠক,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং ক্রীড়াপ্রেমীরা অংশ নেন। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি তৌহিদুজ্জামান পাভেল।
সভায় বক্তারা বলেন,ক্রীড়া শুধু বিনোদন নয়, এটি তরুণ সমাজকে সুশৃঙ্খল ও ইতিবাচক পথে পরিচালিত করার গুরুত্বপূর্ণ মাধ্যম। ক্রীড়ার মাধ্যমে সামাজিক সম্প্রীতি বৃদ্ধি,তরুণদের দক্ষতা উন্নয়ন এবং সুস্থ সমাজ গঠনে বড় ভূমিকা রাখা সম্ভব।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন,ক্রীড়া তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা,নেতৃত্বগুণ ও দলগত চেতনা গড়ে ওঠে। তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ক্রীড়ার বিকল্প নেই। এজন্য জেলা প্রশাসন ক্রীড়া চর্চা বিস্তারে বিভিন্ন উদ্যোগ অব্যাহত রাখবে।
এদিকে একই দিন সকাল ১০টায় জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত কেন্দ্রীয় আলোচনা সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল হক প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হন। কেন্দ্রীয় এ অনুষ্ঠানে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা জুম প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহণ করেন।
জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচির মাধ্যমে তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করার পাশাপাশি ক্রীড়ার ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

