সত্যজিৎ দাস, (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজার জেলা শহরের বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেছেন জেলার সিভিল সার্জন ডা. মোঃ মামুনুর রহমান। সোমবার (০৬ এপ্রিল) তিনি এসব স্বাস্থ্য প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং স্বাস্থ্যসেবার মান পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে বেশ কয়েকটি প্রতিষ্ঠানে স্বাস্থ্যসেবায় নানা ধরনের অনিয়ম,ঘাটতি ও দুর্বলতা লক্ষ্য করা যায়। এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করা হয় এবং দ্রুত সমস্যাগুলো সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন সিভিল সার্জন।
এ সময় ডা. মোঃ মামুনুর রহমান বলেন,
“মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি নিয়ম-কানুন মেনে চলা অত্যন্ত জরুরি। হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে সেবার মান বজায় রাখতে হবে এবং কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রশাসন নিয়মিত তদারকি চালিয়ে যাবে।”
পরিদর্শনের অংশ হিসেবে তিনি মৌলভীবাজার পৌরসভার ইপিআই (টিকাদান) কার্যক্রমও ঘুরে দেখেন এবং সেখানে কর্মরত স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন। শিশুদের টিকাদান কার্যক্রম সঠিকভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন;সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্নালী দাসসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও জেলার স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে,যাতে সাধারণ মানুষ নিরাপদ ও মানসম্মত চিকিৎসা সেবা পেতে পারেন।

