জ্বালানি নীতি ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরকারের কঠোর সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সরকারি দলের মন্ত্রী ও সংসদ সদস্যদের বক্তব্য শুনলে মনে হয় দেশ যেন তেলের ওপর ভাসছে।
সোমবার (৬ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেসক্লাব-এ জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
শফিকুর রহমান অভিযোগ করেন, সংসদে সরকারি দলের পক্ষ থেকে দেশের জ্বালানি পরিস্থিতি ও অর্থনৈতিক অবস্থা নিয়ে ইতিবাচক চিত্র তুলে ধরা হলেও বাস্তবে পাম্পগুলোতে তেল সংগ্রহে দীর্ঘ সারি দেখা যাচ্ছে। অথচ সরকার রিজার্ভ পর্যাপ্ত থাকার কথা বলছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, কৃষিনির্ভর অর্থনীতিতে কৃষকেরা সেচের জন্য জ্বালানির সংকটে পড়ছেন, অনেক জায়গায় খোলা বাজারে তেল না পেয়ে কার্ড ব্যবস্থার কারণে ভোগান্তি বাড়ছে। এতে উৎপাদন ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
শিক্ষা খাত নিয়েও উদ্বেগ জানিয়ে তিনি বলেন, জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বা কার্যক্রম ব্যাহত হলে শিশুদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে।
রাজনৈতিক প্রসঙ্গে তিনি দাবি করেন, গণরায় উপেক্ষা করে দেশে নতুন করে এক ধরনের ফ্যাসিবাদী প্রবণতা তৈরি হচ্ছে, যা অতীতের অভিজ্ঞতার পুনরাবৃত্তি হতে পারে।

