সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চারটি ইউনিয়নে চলতি মৌসুমে ১৩ হাজার ৬২০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। তবে টেবলার পানি (বৃষ্টির পানি) জমে নিচু জমির অধিকাংশ ধান ক্ষেত তলিয়ে গেছে।
স্থানীয় কৃষকদের দাবি, আগাম বৃষ্টি ও মাঝেমধ্যে শিলাবৃষ্টির কারণে তাদের “সোনালী স্বপ্নের ধান” পানিতে নিমজ্জিত হয়েছে। বর্তমানে দুই শতাধিক স্যালো মেশিনের মাধ্যমে জমি থেকে পানি নিষ্কাশনের পাশাপাশি সেচ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা।
কৃষকেরা জানান, নিজেদের অর্থ ও প্রবাসে থাকা স্বজনদের সহায়তায় জ্বালানি তেলের ব্যয় বহন করে ধান রক্ষার চেষ্টা করছেন। তবে সরকারি সহায়তা না পেলে যেকোনো সময় সেচ কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
ষোল ডুয়ারী, চামরদানীর বাইনছাপড়া ও দক্ষিণ বংশীকুন্ডার চিমনীসহ বিভিন্ন এলাকায় শতাধিক স্যালো মেশিন দিয়ে লাগাতার পানি নিষ্কাশন করা হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে কিছু নিচু জমির ধান রক্ষা করে কাটার সুযোগ মিলতে পারে বলে আশা কৃষকদের।
এ বিষয়ে ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তা আসয়াদ বিন খলিল রাহাদ জানান, মাঠ পরিদর্শন করা হয়েছে এবং বিষয়টি জেলা প্রশাসন ও মন্ত্রণালয়কে জানানো হয়েছে। জ্বালানি তেল সংকট দেখা দিলে প্রশাসনিক সহায়তা দেওয়ার আশ্বাসও রয়েছে বলে তিনি জানান।

