জয়পুরহাট প্রতিনিধি:
২৫ লাখ টাকা ভ্যালুয়েশনের একটি ইউটিউব চ্যানেল আত্মসাৎ ও গুরুত্বপূর্ণ তথ্য মুছে ফেলার অভিযোগে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা থেকে রাশেদ খান মিলন (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রোববার (৫ এপ্রিল) গভীর রাতে উপজেলার বড়তরা ইউনিয়নের খাড়িতা গ্রামে নিজ বাড়ি থেকে ওই যুবুককে আটক করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ঢাকার এক নারী কণ্ঠশিল্পীর একটি ইউটিউব চ্যানেলের দেখভালের দায়িত্বে ছিলেন রাশেদ। চ্যানেলটির আনুমানিক মূল্য ছিল প্রায় ২৫ লাখ টাকা। অভিযোগ রয়েছে, একপর্যায়ে রাশেদ চ্যানেলটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেন এবং সেখানে থাকা সব গানের ভিডিও মুছে ফেলেন, এতে করে চ্যানেলটির আয়ের উৎস ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনায় ভুক্তভোগী কন্ঠ শিল্পী প্রথমে ক্ষেতলাল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে বিষয়টির সুরাহা না হওয়ায় তিনি ঢাকার সাইবার আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে ক্ষেতলাল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত রাশেদ খান মিলন উপজেলার খারিটা গ্রামের বেলাল হোসেনের ছেলে।
মামলার বাদী কণ্ঠশিল্পী তানজিন তিশা জানান, তার ঢাকায় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। অভিযুক্তের বাবা-মার অনুরোধে তাকে ঢাকায় এনে ইউটিউব চ্যানেলের দেখভালের দায়িত্ব দেওয়া হয়। কয়েক মাস কাজ করার পর রাশেদ চ্যানেলের ওপর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন এবং একপর্যায়ে গুরুত্বপূর্ণ কনটেন্টগুলো মুছে দেন। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, তার মেয়েকে অশালীন বার্তা পাঠানোসহ বিভিন্নভাবে দীর্ঘদিনথেকে হুমকি দিয়ে আসছিলেন। এ বিষয়ে আমি ইতোমধ্যে তিনটি অভিযোগ দায়ের করেছি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং ন্যায়বিচার পাওয়ার আশায় আদালতের দ্বারস্থ হয়েছি।
এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকলেছুর রহমান বেলা ১১টার দিকে বলেন, আদালতের মামলার গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে রাশেদকে আটক করা হয়েছে। তাকে জয়পুরহাট আদালতে পাঠানো হয়েছে।

