সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
শ্রীমঙ্গল উপজেলার উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত জানতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন মুজিবুর রহমান চৌধুরী, যিনি মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য।
সভায় উন্মুক্ত আলোচনায় নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর প্রতিনিধি,চা-শ্রমিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ,সাংবাদিক,সাংস্কৃতিক কর্মী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা শহরের যানজট নিরসন,পর্যটকবান্ধব উন্নয়ন,ময়লার ভাগার অপসারণ,গ্রামীণ সড়ক ও অবকাঠামো উন্নয়ন, প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প বাস্তবায়ন এবং নতুন স্কুল-কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার বিষয় তুলে ধরেন।
এছাড়া চা-বাগান শ্রমিকদের জন্য উন্নত বাসস্থান নিশ্চিত করা এবং স্থানীয় বেকারত্ব কমাতে কার্যকর কর্মসংস্থান পরিকল্পনা গ্রহণের দাবিও জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন,জনগণের এসব মতামত গুরুত্বসহকারে পর্যালোচনা করে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। তিনি বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারের লক্ষ্য হলো সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করা। সুবিধাবঞ্চিত নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী ও চা-শ্রমিকসহ সব সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন,শ্রীমঙ্গলের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন চাহিদা চিহ্নিত করে আগামী পাঁচ বছরের জন্য একটি কার্যকর পরিকল্পনা প্রণয়ন করা হবে।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন জানান,২০২৬-২৭ অর্থবছর এবং আগামী পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আগামী সাত দিনের মধ্যে নাগরিকরা তাদের লিখিত মতামত জমা দিতে পারবেন।
সভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ এবং নানা শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

