মিজানুর, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ক্যাসিনো খেলাকে কেন্দ্র করে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শিক্ষার্থীর নাম আজিমুল ইসলাম (২৪)। তিনি ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের শিমুলবাড়ী গ্রামের কৃষক ও অটোচালক ফজলুল হকের ছেলে। তিনি গত বছর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে ভর্তি হয়েছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার আজিমুল ইসলাম বাড়িতে এসে তার বাবার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন। পরিবারের সদস্যদের ধারণা, তিনি ক্যাসিনো খেলায় ব্যবহারের জন্য ওই টাকা চেয়েছিলেন। কিন্তু পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে তার বাবা টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।
পরবর্তীতে অভিমান ও হতাশা থেকে নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন আজিমুল। বিষয়টি টের পেয়ে তার মা দ্রুত রশি কেটে তাকে উদ্ধার করেন। গুরুতর অবস্থায় প্রথমে তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।
পরিবার সূত্রে আরও জানা যায়, দুই ছেলে ও এক মেয়ের মধ্যে আজিমুল ছিলেন দ্বিতীয় সন্তান। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের মাতম নেমে আসে।
শনিবার বিকেল ৩টার দিকে তার মরদেহ বাড়িতে আনা হলে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও স্থানীয়রা শেষবারের মতো তাকে দেখতে ভিড় করেন।
শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম সোহেল বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। একজন মেধাবী শিক্ষার্থীর এভাবে চলে যাওয়া আমরা কেউই মেনে নিতে পারছি না। শুনেছি, ক্যাসিনো খেলায় সে পরিবারের অনেক টাকা নষ্ট করেছে।
এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদ হাসান নাঈম জানান, থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
#

