সম্প্রতি ‘বাডিমুন’ (বন্ধুদের নিয়ে হানিমুন) থেকে ফিরেই একটি বিশেষ ভিডিও শেয়ার করেছেন রাশমিকা মান্দানা। সেখানে তিনি ঘোষণা দেন, ‘এবার দুই থেকে তিন হতে চলেছি’। এই পোস্টের পর থেকেই ভক্তদের মাঝে বিভ্রান্তি তৈরি হয় যে অভিনেত্রী হয়তো মা হতে চলেছেন। তবে আদতে এটি কোনো পারিবারিক সুসংবাদ নয়, বরং তাঁদের একটি সৃজনশীল প্রজেক্টের ঘোষণা।
ভিডিওতে রাশমিকা ও বিজয়ের সঙ্গে সূর্যমুখী ফুলের একটি অ্যানিমেশন চরিত্র দেখা যায়, যার নাম রাখা হয়েছে ‘রু’। মূলত ‘রাশমিকা অ্যান্ড রু’ নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছেন এই অভিনেত্রী। এখানে তাঁর ব্যক্তিত্ব দ্বারা অনুপ্রাণিত বিভিন্ন অ্যানিমেটেড কনটেন্ট তৈরি করা হয়। রাশমিকা নিজে একজন বড় ‘অ্যানিমে’ অনুরাগী হওয়ায় এই উদ্যোগ নিয়েছেন।
এতদিন রাশমিকা ও ‘রু’ মিলে ছিল ‘দুই’। এবার সেই প্রজেক্টে যুক্ত হয়েছেন স্বামী বিজয় দেবরাকোন্ডা। এই সৃজনশীল কাজের সম্প্রসারণ বোঝাতেই রাশমিকা ‘দুই থেকে তিন’ হওয়ার কথাটি উল্লেখ করেছেন। জনপ্রিয় সংস্থা ‘টেরিবলি টাইনি টেলস’ এই প্রজেক্টে কারিগরি সহযোগিতা প্রদান করছে।
ঘোষণাটি দেখার পর অনেক অনুরাগী আগাম শুভেচ্ছা জানাতে শুরু করেছিলেন। পরে বিষয়টি পরিষ্কার হওয়ার পর বিভ্রান্তি কাটলেও তাঁদের নতুন এই প্রজেক্ট ঘিরে ভক্তদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। মূলত সমাজে ইতিবাচকতা ছড়ানোর উদ্দেশ্যেই রাশমিকার এই নতুন প্ল্যাটফর্ম কাজ করছে।

