চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় স্বামীর মুখে দুর্গন্ধের অভিযোগ তুলে থানায় লিখিত আবেদন করেছেন এক বৃদ্ধা। ঘটনাটি এলাকায় চাঞ্চল্য ও হাস্যরসের সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) শাহরাস্তি থানায় ৬৫ বছর বয়সী ওই নারী অভিযোগটি দায়ের করেন বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান।
থানা সূত্রে জানা যায়, দীর্ঘ প্রায় ৪০ বছরের দাম্পত্য জীবনের পর ৭২ বছর বয়সী স্বামীর মুখে তীব্র দুর্গন্ধের কারণে একসঙ্গে বসবাস করা কষ্টকর হয়ে উঠেছে বলে অভিযোগ করেন স্ত্রী। তিনি জানান, স্বামীকে বারবার মুখ পরিষ্কার রাখতে অনুরোধ করা হলেও তা উপেক্ষা করা হয়।
অভিযোগে আরও বলা হয়, এ নিয়ে প্রতিবাদ করলে স্বামীর পক্ষ থেকে শারীরিক নির্যাতনের অভিযোগও তোলা হয়েছে।
তবে অভিযুক্ত স্বামী এসব অভিযোগ অস্বীকার করে বলেন, বিষয়টি পারিবারিক কলহের অংশ এবং রাগের বশেই থানায় অভিযোগ করা হয়েছে।
পরে থানায় উভয় পক্ষকে ডেকে বিষয়টি আলোচনা করা হয়। যেহেতু তারা দুজনই বয়স্ক, তাই বিষয়টি আনুষ্ঠানিক মামলায় না নিয়ে পারিবারিকভাবে মীমাংসা করে দেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।

