নুরী আক্তার মুন, ডেস্ক রিপোর্ট :
গরমের সময়ে ত্বক সহজেই প্রাণহীন ও নিস্তেজ হয়ে পড়ে। শুধু বাইরে থেকে ক্রিম বা ফেসপ্যাক ব্যবহার করলেই কাঙ্ক্ষিত উজ্জ্বলতা পাওয়া যায় না, ত্বককে ভেতর থেকে পুষ্টি জোগানো জরুরি। সেজন্য ফলের শরবত হতে পারে সবচেয়ে সহজ ও কার্যকর সমাধান।
বিশেষজ্ঞদের মতে, ত্বকের ধরন অনুযায়ী ফলের শরবত নির্বাচন করলে তা ত্বককে ভেতর থেকে সজীব ও সতেজ করে তোলে। এসব শরবতে থাকা ভিটামিন, অ্যান্টি-অক্সিডেন্ট, ফাইবার ও খনিজ উপাদান ত্বকের কোলাজেন উৎপাদন বাড়াতে সাহায্য করে এবং কোষকে পুষ্টি জোগায়।
তৈলাক্ত ত্বকের জন্য, তরমুজ ও লেবুর শরবত বেশ উপকারী। তরমুজ ত্বককে আর্দ্র রাখে, আর লেবুর ভিটামিন ‘সি’ অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে।

রেসিপি: ২ কাপ তরমুজ, ১ চামচ লেবুর রস ও সামান্য বিট লবণ ব্লেন্ড করে বরফসহ পরিবেশন করুন। চাইলে পুদিনা পাতা যোগ করা যায়।
শুষ্ক ত্বকের জন্য, পেঁপে ও কলার স্মুদি ভালো কাজ করে। পেঁপের ‘প্যাপাইন’ মৃতকোষ দূর করে, আর কলা ত্বককে নরম রাখে।
রেসিপি: ১ কাপ পেঁপে, আধা কলা ও সামান্য মধু ব্লেন্ড করে ঘন স্মুদি তৈরি করুন। উপরে বাদাম কুচি ছড়িয়ে নিতে পারেন।
মিশ্র ত্বকের জন্য, শসা, আনারস ও পুদিনার শরবত উপযোগী। শসা ত্বকের পিএইচ ভারসাম্য ঠিক রাখে এবং আনারস ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।
রেসিপি: ১টি শসা, ১ কাপ আনারস, কিছু পুদিনা পাতা ও সামান্য আদা ব্লেন্ড করে পান করুন।
অ্যান্টি-এজিং শরবত, বেদানা ও আঙুরের শরবত ত্বকের বয়সের ছাপ কমাতে সহায়ক। এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট কোলাজেন বাড়ায়।
রেসিপি: ১ কাপ বেদানা ও আধা কাপ আঙুর ব্লেন্ড করে সামান্য গোলমরিচ মিশিয়ে পান করুন।
রোদে পোড়া দাগের জন্য, গাজর, কমলালেবু ও বেদানার শরবত কার্যকর। এটি ত্বকের কালচে দাগ কমাতে সাহায্য করে।
রেসিপি: ১টি গাজর, ১টি কমলালেবু ও আধা কাপ বেদানা ব্লেন্ড করে সকালে পান করুন।
ত্বকের ধরন বুঝে সঠিক শরবত বেছে নিলে গরমেও ত্বক থাকবে সতেজ, উজ্জ্বল ও প্রাণবন্ত।


