অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি:
২০২৫-২০২৬ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ইলিশ অভয়াশ্রম এলাকায় মার্চ-এপ্রিল দুই মাস মৎস্য আহরণ নিষিদ্ধকালীন সময়ে জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শহীদ উদদীন চৌধুরী এ্যানি, এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টিকু, এমপি, সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের যুগ্মসচিব মো. হেমায়েত হোসেন, লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক এবং জেলা পরিষদের প্রশাসক সাহাবুদ্দীন সাবু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আবুল খায়ের ভূঁইয়া, এমপি। সভাপতিত্ব করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।
বিশেষ অতিথির বক্তব্যে সুলতান সালাহউদ্দিন টিকু বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রজনন রক্ষায় সরকার অভয়াশ্রম এলাকায় মাছ ধরা নিষিদ্ধ করেছে এবং জেলেদের বিকল্প সহায়তার উদ্যোগ নিয়েছে। তিনি জাটকা ও মা ইলিশ আহরণ থেকে বিরত থাকার জন্য জেলেদের প্রতি আহ্বান জানান।
প্রধান অতিথি মো. শহীদ উদদীন চৌধুরী এ্যানি বলেন, দেশের জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। নদীতে দুই মাস সব ধরনের মাছ ধরা আইনগতভাবে নিষিদ্ধ রয়েছে এবং এ সময় আইন অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি জেলেদের জন্য সরকারি সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।
অনুষ্ঠানে জানানো হয়, নিষিদ্ধকালীন সময়ে প্রতিটি জেলে পরিবারকে খাদ্য সহায়তা হিসেবে ১২ কেজি আটা, ১০ কেজি সয়াবিন তেল, ৪ কেজি চিনি, ৮ কেজি মশুর ডাল এবং ১৬ কেজি আলু প্রদান করা হয়েছে।
বক্তারা বলেন, জাটকা ও মা ইলিশ সংরক্ষণ করা গেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে এবং জেলেদের জীবনমান উন্নত হবে।

