দেওয়ান মাসুকুর রহমান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার প্রতিনিধি:
শ্রীমঙ্গলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ কর্তৃক নির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর নির্বাচনী ইশতেহার অনুযায়ী মন্ত্রণালয়-বিভাগ ভিত্তিক ১৮০ দিন আগামী ২০২৬-২৭ অর্থবছর এবং আগামী ৫ বছরের কর্মপরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল নির্ধারণ সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (৪ এপ্রিল) দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইসলাম উদ্দিনের সভাপতিত্ব সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী।
মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনায় নৃ-তাত্বিক জনগোষ্ঠী প্রতিনিধি, চা শ্রমিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, জনপ্রতিনিধিসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনায় অংশীজনরা শহরের যানজট, পর্যটক বান্ধব উন্নয়ন, ময়লার ভাগার অপসারণ, গ্রামীণ সড়ক ও অবকাঠামো নির্মাণ, প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প বাস্তবায়ন ও স্কুল -কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এছাড়া চা বাগান শ্রমিকদের বাসস্থান তৈরী ও বেকারত্ব নিরসনের কর্মপরিকল্পনা গ্রহনের কথা তুলে ধরা হয়।
এসময় সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী বলেন, জনগণের এসব মতামত গুরুত্বের সাথে পর্যালোচনা করে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।
তিনি ভোট দিয়ে তাঁকে সংসদ সদস্য নির্বাচিত করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, সুবিধাবঞ্চিত নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী, চা শ্রমিকসহ সব জাতিগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের নানা পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে তা বাস্তবায়িত হবে। একইসাথে শ্রীমঙ্গলের বিভিন্ন সমস্যা,সুযোগ ও সম্ভবনা চিহ্নিত করে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও বাস্তবায়ন করা হবে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন বলেন, আগামী ২০২৬-২৭ অর্থ বছর এবং আগামী পঞ্চ বার্ষিকী উন্নয়ন পরিকল্পনায় জনগণকে আগামী সাত দিনের মধ্যে লিখিত মতামত জমা দিতে পারবেন। সভায় জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন সরকারী কর্মকর্তা, রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেনি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


