সালাম মাহমুদ,
হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এবং সাগরকন্যা কুয়াকাটার হোটেল ও রেস্তোরাঁ মালিকদের দুই শীর্ষ সংগঠনের মধ্যে পৃথক দুটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় কুয়াকাটার অভিজাত হোটেল ডি-মোরে হোটেল ও রেস্তোরাঁ মালিকদের উপস্থিতিতে এ কর্পোরেট সমঝোতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমঝোতা স্মারকে হামদর্দের পক্ষে স্বাক্ষর করেন বিক্রয় ও বিপণন বিভাগের উপ-পরিচালক ডা. আবুল তৈমুর চৌধুরী এবং কনজ্যুমার শাখার ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম।
কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষে স্বাক্ষর করেন সংগঠনের প্রেসিডেন্ট এম এ মোতালেব শরীফ এবং সেক্রেটারি জেনারেল মো. সাইদ হাসান। অন্যদিকে কুয়াকাটা হোটেল ও রেস্তোরাঁ মালিক সমিতির পক্ষে স্বাক্ষর করেন সভাপতি কলিম মাহমুদ ও উপদেষ্টা মো. আবুল বাশার সিদ্দিকী।
চুক্তি অনুযায়ী কুয়াকাটার হোটেল, মোটেল ও রেস্তোরাঁগুলোতে হামদর্দের পণ্য ক্রয়ে বিশেষ সুবিধা প্রদান করা হবে বলে জানানো হয়।
অনুষ্ঠানে বক্তারা হামদর্দের নতুন পণ্য “আমরূপালি ফ্রুট সিরাপ”-এর গুণগত মানের প্রশংসা করেন এবং স্বাস্থ্য খাতে হামদর্দের অবদানের কথা উল্লেখ করেন।
তারা হামদর্দের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া এবং সিনিয়র পরিচালক অধ্যাপক কামরুন নাহার হারুনকে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের জন্য অভিনন্দন জানান।
বক্তারা আরও বলেন, অধ্যাপক কামরুন নাহার হারুনের নেতৃত্বে হামদর্দের সেবা কার্যক্রম দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে গেছে, যা প্রশংসনীয়।

