সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজার পুলিশ লাইনসের ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়।
সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজুর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।
সভায় জেলার বিভিন্ন থানা,ফাঁড়ি ও অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের নানা সমস্যা, সেগুলোর সম্ভাব্য সমাধান এবং জেলা পুলিশের চলমান ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
একই অনুষ্ঠানে মার্চ ২০২৬ মাসের কর্মদক্ষতার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ থানা ও কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।
পুলিশ হেডকোয়ার্টার্স নির্ধারিত মানদণ্ড অনুযায়ী সদর মডেল থানার পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলাম শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন। শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) নির্বাচিত হন একই থানার শিপু কুমার দাস। সদর ট্রাফিক বিভাগের বিশ্বজিৎ সামন্ত শ্রেষ্ঠ সার্জেন্ট হিসেবে নির্বাচিত হন। এছাড়া শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে সদর মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রানা মিয়া নির্বাচিত হন।
এছাড়াও একটি চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেপ্তার ও গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করায় কুলাউড়া থানার উপপরিদর্শক মো. মুহিত মিয়াকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন;অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. আজমল হোসেন; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়েরসহ মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট প্রধান, থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।

