উৎসবের আমেজে সাধারণ দর্শকদের মতোই প্রেক্ষাগৃহে বসে সিনেমা উপভোগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় অবস্থিত সীমান্ত সম্ভার শপিং মলের স্টার সিনেপ্লেক্সে তিনি হলিউডের আলোচিত সায়েন্স ফিকশন চলচ্চিত্র ‘প্রজেক্ট হেইল মেরি’ (Project Hail Mary) দেখেন। প্রধানমন্ত্রীর সাথে ছিলেন তাঁর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী শুক্রবার সন্ধ্যায় তাঁর গুলশানের বাসভবন থেকে সরাসরি সীমান্ত সম্ভার সিনেমা হলে যান। সন্ধ্যা ৭টা ১০ মিনিটে সিনেমার প্রদর্শনী শুরু হয় এবং রাত ১০টা ১০ মিনিটে শেষ হয়। ছুটির দিনে কিছুটা বিনোদনের অংশ হিসেবেই তিনি প্রেক্ষাগৃহে যাওয়ার সিদ্ধান্ত নেন।
২০২৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রজেক্ট হেইল মেরি’ চলচ্চিত্রটি জনপ্রিয় লেখক অ্যান্ডি উইয়ারের (Andy Weir) বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত। বিশ্বজুড়ে বিজ্ঞান কল্পকাহিনী প্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই ছবিটি এবারের ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশে মুক্তি পেয়েছে।
প্রধানমন্ত্রী ও তাঁর কন্যার আগমনকে কেন্দ্র করে সিনেমা হল এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও সাধারণ দর্শকদের চলাচলে কোনো বিঘ্ন ঘটানো হয়নি। দেশের শীর্ষ নির্বাহীকে সাধারণ দর্শকদের মতো সিনেমা দেখতে দেখে উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও কৌতূহল লক্ষ্য করা গেছে।
দীর্ঘ সময় পর দেশের কোনো শীর্ষ রাজনৈতিক নেতার এভাবে সপরিবারে সিনেমা হলে গিয়ে ছবি দেখা সাংস্কৃতিক অঙ্গনে একটি ইতিবাচক বার্তা দিয়েছে। এর আগে যশোরের উলাশীতে জিয়া খাল পুনঃখনন পরিদর্শন শেষে ঢাকায় ফিরে ব্যস্ত সূচির মাঝেও এই সময়টুকু বের করেন তিনি।

