মীর সবুর আহম্মেদ, স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহের মুক্তাগাছায় জুয়াড়ি বাবার জুয়ার আসরে ছেলের হামলার ঘটনায় লুৎফর রহমান সাজু (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দুল্লা ইউনিয়নের ইছাখালী টগারঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লুৎফর রহমান সাজু চন্ডিমন্ডপ চতল এলাকার মরহুম মজিবুর রহমানের ছেলে।
সূত্রে জানা যায়, বিন্নাকুড়ি গ্রামের আব্দুল্লাহর ছেলে সেনা সদস্য জাহিদুল ছুটিতে বাড়িতে এসে জানতে পারেন, তার বাবা জুয়া খেলছে। তিনি কয়েকজন সাথি নিয়ে জুয়ার আসরে যান। সেখানে বাবাকে জুয়া খেলতে দেখে তিনি তাকে গালমন্দ করেন। এক পর্যায়ে জুয়ার আসরে উপস্থিত দুল্লা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জুয়াড়ি সাজু এর প্রতিবাদ করলে জাহিদুল সাজুর ওপর চড়াও হয়ে কিল ঘুষি মেরে তাকে আহত করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে মুঠোফোনে দুল্লা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল হাসিম বলেন, আমি ঢাকায় আছি। জুয়ার আসরে মারামারি ঘটনায় একজন নিহত হয়েছে শুনেছি। এই এলাকায় জুয়া, মাদকের বিষয়ে আমি ও আমাদের নেতাকর্মীরা প্রশাসন ও উপজেলার নেতাদের সাথে কথা বলেছে । অন্যায় কাজের সাথে যারা জড়িত থাকবেন, তারা যারাই হোক তাদের শাস্তি হবে।
এ ব্যাপারে থানার ওসি (তদন্ত) জুলুস খান পাঠান সাংবাদিকদের জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছে।

