আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার :
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার একটি আলোচিত ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি রুবেল দেকে (৩২) যৌথ অভিযান পরিচালনা করে গ্রেফতার করেছে র্যাব-১৫ এবং র্যাব-৭। গত ১ এপ্রিল সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম জুই চৌধুরী (২৭) চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ এলাকার একটি পার্লারে কর্মরত ছিলেন। কর্মক্ষেত্রে পরিচয়ের সুবাদে আসামি রুবেল ভিকটিমকে দীর্ঘক্ষণ প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। ভিকটিম তা প্রত্যাখ্যান করলেও আসামি কৌশলে তার সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলে।
পরবর্তীতে গত ১ অক্টোবর ২০২৪ সন্ধ্যায় আসামি বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমকে তার বাসায় নিমন্ত্রণ জানায় এবং সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। অসহায় ভিকটিমকে বিয়ের আশ্বাস দিয়ে এবং আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আসামি পরবর্তী দুই মাস ধরে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে।
এর ফলে ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়লে আসামি রুবেল তাকে অস্বীকার করে আত্মগোপনে চলে যায়। এই ঘটনায় ভিকটিম বাদী হয়ে সিএমপি কোতোয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২৩) এর ৯ (১) ধারায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-৪৩, তারিখ-২৫/০১/২০২৫)।
মামলাটি রুজু হওয়ার পর থেকেই র্যাব-৭ এবং র্যাব-১৫ এর গোয়েন্দা দল আসামিকে গ্রেফতারের লক্ষ্যে ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় আসামি চকরিয়া এলাকায় অবস্থান করছে। তথ্যের সত্যতা যাচাই করে র্যাব-৭, সিপিসি-৩ এবং র্যাব-১৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল ফাঁসিয়াখালী এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে প্রধান আসামি রুবেলকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতার রুবেল (৩২), পিতা-মনোরঞ্জন দে, মহাজন বাড়ি, উত্তর ঘনিয়া, চকরিয়া। গ্রেফতার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

