সত্যজিৎ দাস, (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারে পরিবেশ সংরক্ষণ এবং শব্দ দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২ এপ্রিল) পৃথক দুটি অভিযানে মোট ৫টি মামলায় ৭১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবিদ হোসেন-এর নেতৃত্বে শহরের পশ্চিম বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়। এসময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬(১)(ক) ও দণ্ড ধারা ১৫ অনুযায়ী অবৈধ পলিথিন মজুদ ও বিপণনের দায়ে একটি মামলায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রায় ১০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
এদিন জুগিডর এলাকায় শব্দ দূষণবিরোধী আরেকটি অভিযান চালানো হয়। সেখানে শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা,২০২৫ এর বিধি ৬(১) অনুযায়ী হাইড্রলিক হর্ণ ব্যবহার করার অপরাধে ৪টি মামলায় মোট ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের সময় ব্যবহৃত হাইড্রলিক হর্ণগুলোও জব্দ করা হয়।
অভিযান প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবিদ হোসেন বলেন,“পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনদুর্ভোগ কমাতে অবৈধ পলিথিন ব্যবহার এবং শব্দ দূষণের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে,পরিবেশ সুরক্ষা ও নাগরিকদের স্বস্তি নিশ্চিত করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

