ক্রাইম রিপোর্টার:
রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে বাস চলাচল এখন পুরোপুরি স্বাভাবিক রয়েছে। সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের সংকট নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও বাস চালকরা তা নাকচ করে জানিয়েছেন, তেলের কোনো প্রকৃত সংকট নেই।
ঈদকে কেন্দ্র করে টানা প্রায় ১৪ দিনের ব্যস্ততা শেষে বর্তমানে যাত্রী পরিবহন পরিস্থিতি অনেকটাই স্বস্তিদায়ক। সরেজমিনে দেখা গেছে, টার্মিনালের বাসগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী ছেড়ে যাচ্ছে এবং যাত্রীদের উপস্থিতিও তুলনামূলক কম। ফলে কাউন্টারগুলোতে তেমন ভিড় চোখে পড়েনি।
বাস চালকদের ভাষ্য, তেল সংকটের যে কথা প্রচারিত হচ্ছে, বাস্তবে তারা নিয়মিত জ্বালানি সরবরাহ পাচ্ছেন। এতে পরিবহন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। অন্যদিকে, যাত্রীরাও ভিড় কম থাকায় নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারছেন।
টার্মিনাল সংশ্লিষ্টরা জানান, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে ঈদ পরবর্তী সময়েও যাত্রী পরিবহন স্বাভাবিক থাকবে বলে তারা আশা করছেন।

