ইরানের রাজধানী তেহরানে অবস্থিত শতবর্ষ পুরোনো একটি চিকিৎসা গবেষণা কেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, হামলার লক্ষ্য ছিল ১৯২০ সালে প্রতিষ্ঠিত পাস্তুর ইনস্টিটিউট অব ইরান। এতে প্রতিষ্ঠানটির অবকাঠামো ও বিভিন্ন অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেন কেরমানপুর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই প্রতিষ্ঠানকে বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থার গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এই হামলা আন্তর্জাতিক স্বাস্থ্য নিরাপত্তার ওপর সরাসরি আঘাত।
তিনি আরও জানান, হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের ছবি প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যায় গবেষণা কেন্দ্রটির বেশ কিছু অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা এই ঘটনাকে আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়ে বলেন, পাস্তুর ইনস্টিটিউটের ওপর হামলা বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করেছে।
প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক পাস্তুর নেটওয়ার্কের সদস্য এবং দীর্ঘদিন ধরে সংক্রামক রোগ ও জনস্বাস্থ্য গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে বলেও জানানো হয়।

