স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, হামের সংক্রমণ হঠাৎ বজ্রপাতের মতো দ্রুত ছড়িয়ে পড়েছে, যার জন্য আগে থেকে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি। শিশুদের মৃত্যুতে তিনি গভীর শোক প্রকাশ করেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে রাজধানীর শেরেবাংলা নগর শিশু হাসপাতালে পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী জানান, ইউনিসেফের সহায়তায় সংগৃহীত টিকা দিয়ে আগামী রোববার (৫ এপ্রিল) থেকে দেশব্যাপী টিকাদান কার্যক্রম শুরু হবে। পাশাপাশি হামের অতিরিক্ত টিকা সংগ্রহের প্রক্রিয়া চলছে, যা হাতে পেতে প্রায় এক মাস সময় লাগতে পারে।
তিনি আরও বলেন, স্বাস্থ্য খাতে কর্মরত পোর্টার, স্বাস্থ্য সহকারী ও সহকারী স্বাস্থ্যকর্মীদের দাবিদাওয়ার বিষয়ে দ্রুত বৈঠক করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
এদিকে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১০ জন রোগী ভর্তি হয়েছে, যাদের মধ্যে ৫ জন হামে আক্রান্ত। একই সময়ে একজন রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি সামাল দিতে চিকিৎসক ও নার্সসহ জনবল বাড়ানো জরুরি।
দেশব্যাপী ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের জন্য বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে। এ কার্যক্রম ঘিরে স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।

