মো. মোস্তাফিজুর রহমান রিপন, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি উপজেলায় অভিযান চালিয়ে ১,৭০০ কেজি ঝাটকা ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১ এপ্রিল) সকালে উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পটুয়াখালী থেকে ঢাকাগামী ইসলাম পরিবহনের একটি যাত্রীবাহী গাড়িতে অবৈধভাবে ঝাটকা মাছ পরিবহন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী গাড়িটি থামিয়ে তল্লাশি চালালে বিপুল পরিমাণ ঝাটকা মাছ উদ্ধার করা হয়।
অভিযানকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজভী আহমেদ সবুজ উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় গাড়ির চালকসহ তিনজন স্টাফকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে জব্দকৃত ঝাটকা ইলিশগুলো নলছিটি উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মা ইলিশ সংরক্ষণের স্বার্থে ঝাটকা আহরণ, বিক্রয় ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের অবৈধ কার্যক্রম রোধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

