আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার প্রিতিনিধি:
কক্সবাজারের টেকনাফ সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১৩ জনকে উদ্ধার করেছে র্যাব-১৫। গত ৩১ মার্চ দিবাগত রাত দেড়টায় টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকায় একটি বসত বাড়িতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
ঘটনার বিবরণ : র্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদে জানতে পারে টেকনাফ সদরের দক্ষিণ লম্বরী এলাকার মরিয়ম বেগমের বসত বাড়িতে একটি সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র কিছু নারী ও পুরুষকে জোরপূর্বক আটকে রাখে। তাদের সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচার এবং মুক্তিপণ আদায়ের পরিকল্পনা ছিল। উক্ত সংবাদে র্যাবের আভিযানিক দল ওই বাড়িতে অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হলেও ওই বাড়ি থেকে ১৩ জন মানব পাচারের শিকার ভিকটিমকে উদ্ধার করা হয়। উদ্ধারদের মধ্যে ৬ জন বাংলাদেশি পুরুষ, ৪ জন রোহিঙ্গা পুরুষ এবং ৩ জন রোহিঙ্গা নারী রয়েছেন।
অভিযুক্তদের পরিচয় : ঘটনায় জড়িত পলাতক আসামি মোঃ সাইফুল (৩৮), মোঃ মালবিক কামাল (৪৬), মোঃ ফাইসাল (২৭), মোঃ জাফর (৩৬) এবং মোঃ সাইফুল ইসলাম (২৪)। সকলে টেকনাফ থানা এলাকার বাসিন্দা। এছাড়াও অজ্ঞাতনামা আরও ৫/৬ জনকে মামলায় আসামি করা হয়েছে।
আইনি ব্যবস্থা : উদ্ধার ভিকটিমদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং পলাতক আসামিদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মানব পাচারকারী চক্রের বাকি সদস্যদের ধরতেও র্যাবের অভিযান অব্যাহত আছে।

