দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা। আগামী রোববার (৫ এপ্রিল) খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর আগে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় মোট তিন দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান।
সাপ্তাহিক ক্যালেন্ডার অনুযায়ী, ৩ ও ৪ এপ্রিল শুক্র ও শনিবার নিয়মিত সাপ্তাহিক ছুটি এবং ৫ এপ্রিল ইস্টার সানডে উপলক্ষে ছুটি থাকায় এই দীর্ঘ ছুটি মিলছে।
এদিকে বৈশ্বিক জ্বালানি সংকটসহ বিভিন্ন পরিস্থিতি বিবেচনায় মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে (বিশ্ববিদ্যালয় বাদে) আবারও অনলাইন ক্লাস চালুর বিষয়টি আলোচনায় এসেছে। তবে পুরোপুরি অনলাইন নয়, বরং অনলাইন ও সরাসরি ক্লাসের সমন্বয়ে ‘ব্লেন্ডেড লার্নিং’ পদ্ধতি চালুর পরিকল্পনা করা হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের এক মতবিনিময় সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়, যেখানে ঢাকা মহানগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। সভায় প্রাথমিকভাবে সপ্তাহে তিন দিন অনলাইন এবং তিন দিন সরাসরি ক্লাস চালানোর প্রস্তাবও উঠে আসে।

