যুক্তরাষ্ট্রের ইরান নীতি ও সামরিক ব্যয় নিয়ে কঠোর সমালোচনা করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।
এক প্রতিবেদনে আল জাজিরার বরাতে বলা হয়, তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী অবস্থান এবং ‘রেজিম চেঞ্জ’ কৌশলকে অকার্যকর ও ব্যয়বহুল বলে মন্তব্য করেন।
মামদানি বলেন, ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধুমাত্র দেশটির জনগণের। বাইরের চাপ বা যুদ্ধের মাধ্যমে এ ধরনের পরিবর্তন টেকসই হয় না এবং অতীতে এ ধরনের নীতির ভয়াবহ পরিণতি দেখা গেছে।
তিনি আরও দাবি করেন, চলমান সংঘাতে এখন পর্যন্ত প্রায় ২৩ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। তার মতে, এই অর্থ যদি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ খাতে—যেমন স্বাস্থ্যসেবা, শিক্ষা বা শিক্ষাঋণ মওকুফে ব্যয় করা হতো, তাহলে সাধারণ মানুষের জীবনমান উল্লেখযোগ্যভাবে উন্নত হতো।
তার ভাষায়, যুদ্ধনীতির কারণে জনগণের মৌলিক চাহিদা উপেক্ষিত হচ্ছে এবং এটি দীর্ঘমেয়াদে দেশের জন্য ক্ষতিকর প্রভাব ফেলছে।

