ঝালকাঠির সুতালড়ি এলাকায় ফেসবুক লাইভে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন এক ব্যক্তি। একই সময় তিনি তার দুই ছেলেকেও বিষ পান করান বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় রাকিব নামের ওই ব্যক্তি নিজের ঘরেই ফেসবুক লাইভে এসে বিষপান করেন এবং তার দুই ছেলে নিবীড় ও আবিরকেও বিষপান করান। লাইভে তিনি তার বন্ধু সাগরকে মেনশন করে বিভিন্ন অভিযোগ ও হতাশার কথা বলেন।
লাইভে রাকিবকে বলতে শোনা যায়, “সাগর তুই তোর নিজের স্বার্থের জন্য সব করতে পারলি… আমরা সবাই চলে গেলাম।”
ঘটনার পর প্রতিবেশীরা চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনজনকেই উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
প্রতিবেশী ও আত্মীয় জুয়েল জানান, ঘটনার সময় রাকিবের স্ত্রী বাড়িতে ছিলেন না। তিনি বলেন, ঘরে গিয়ে তারা তিনজনকে ছটফট করতে দেখেন এবং বিষের গন্ধ পান।
তিনি আরও বলেন, রাকিব লাইভে যে “সাগর” নাম উল্লেখ করেছেন, এমন কোনো ঘনিষ্ঠ ব্যক্তিকে তারা চেনেন না এবং তার সঙ্গে কাউকে চলাফেরা করতেও দেখেননি।
নলছিটি থানার ওসি আরিফুল আলম জানান, বিষয়টি জানা গেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

