চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও রাঙ্গামাটির কাপ্তাই সীমান্ত সংলগ্ন চন্দ্রঘোনা রেশম বাগান এলাকায় একটি বৌদ্ধ বিহারে চুরির ঘটনা ঘটেছে।
গত ১৭ মার্চ দিবাগত রাতে রাঙ্গুনিয়া মডেল থানাধীন ২নং হোছনাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জঙ্গল দক্ষিণ নিশ্চিন্তাপুর রেশম বাগান থেরওয়াদা বৌদ্ধ বিহারে এ চুরির ঘটনা ঘটে।
বিহার পরিচালনা কমিটির তথ্যমতে, চোরচক্র বিহারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন আকারের মোট ১২টি পিতলের বুদ্ধমূর্তি নিয়ে যায়। এসব মূর্তির আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ হাজার টাকা।
জানা যায়, ১৭ মার্চ সন্ধ্যায় বিহারের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা শুইহ্লাপ্রু মারমা দরজায় তালা দিয়ে বাড়ি যান। পরদিন সকালে এসে তিনি দরজা ভাঙা অবস্থায় দেখতে পান এবং ভেতরে প্রবেশ করে মূর্তিগুলো উধাও হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। বড় আকারের বুদ্ধমূর্তিগুলো অক্ষত ছিল।
এ ঘটনায় ১৮ মার্চ রাঙ্গুনিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে একই এলাকার কেসুনো মারমা (৫০)সহ আরও ২–৩ জন অজ্ঞাত ব্যক্তিকে জড়িত করা হয়েছে।
অভিযোগে বলা হয়, সিসিটিভি ফুটেজে দুইজনকে রাতের অন্ধকারে তালা ভেঙে বিহারে প্রবেশ করতে দেখা গেছে। স্থানীয়দের দাবি, অভিযুক্ত ব্যক্তির সঙ্গে বিহার কমিটির বিরোধ ছিল এবং ঘটনার আগে তাকে সন্দেহজনকভাবে এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়।
এ ঘটনায় স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা দ্রুত চুরি হওয়া মূর্তি উদ্ধারের পাশাপাশি দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং সিসিটিভি ফুটেজসহ তথ্য বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

