দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকিতে পৃথক অভিযান অভিযান চালিয়ে মিজান শিকদার নামে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে তাদের আদালতে সোপর্দ করা হয়। গ্রেপ্তাররা হলেন উপজেলার লেবুখালী ইউনিয়নের পাগলা এলাকার মিজান শিকদার (৩৫) ও শ্রীরামপুর ইউনিয়নের চরবয়েড়া গ্রাম থেকে আল-আমিন হাওলাদার (৩৮)।
পুলিশ জানায়, দুমকি উপজেলায় পৃথক অভিযান চালিয়ে মঙ্গলবার সকাল ১১টায় চরবয়েড়া গ্রামের নিজ বাড়ি থেকে আল-আমীন হাওলাদারকে আটক করা হয়েছে । তার বিরুদ্ধে পারিবারিক কলহজনিত একটি ডিক্রির মামলায় আদালতের জারি করা ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া সোমবার (৩০ মার্চ) রাত সাড়ে ১১টায় উপজেলার লেবুখালী ইউনিয়নের পাগলা এলাকা থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিজান শিকদারকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ১১টি মাদক মামলাসহ অন্যান্য ধারার আরও পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে। সব মিলে মামলার সংখ্যা ১৬টি।
মিজান শিকদারের বিরুদ্ধে দুটি মাদক মামলায় আদালতের সাজা পরোয়ানা রয়েছে। এর মধ্যে এক মামলায় তাকে ২ বছর ৫ মাস কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং অপর মামলায় এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। সাজা ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনহক ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হয়েছে।

