রাজশাহীর বাগমারা উপজেলায় অধিক দামে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করার অভিযোগে এক মুদিদোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
স্থানীয় প্রশাসন জানায়, ভবানীগঞ্জ পৌরসভার দানগাছি এলাকার ওই দোকানের পেছনে গোপনে জারকিন ও ব্যারেলে পেট্রল ও ডিজেল মজুত করা হয়েছিল। অভিযোগ রয়েছে, তিনি এসব জ্বালানি তেল ২৫০ থেকে ৩০০ টাকা লিটার দরে বিক্রি করছিলেন।
আজ মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে দোকান থেকে ৬৫০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়, যার মধ্যে ছিল ৪০০ লিটার পেট্রল ও ১০০ লিটার ডিজেল। পরে জব্দকৃত তেল সরকার নির্ধারিত দামে খোলাবাজারে বিক্রি করা হয়।
এ ঘটনায় দোকানি আবদুস সাত্তারকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞার পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। আদালতে তিনি অপরাধ স্বীকার করেন বলে জানা গেছে।

