ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসন পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। এর প্রভাব মোকাবিলায় দেশে জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে শিক্ষা কার্যক্রমে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, দেশের স্কুলগুলোতে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস চালুর বিষয়টি সরকার বিবেচনা করছে। এ প্রস্তাব শিগগিরই মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে এবং সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
মন্ত্রী আরও বলেন, সপ্তাহে ছয় দিন ক্লাস চালু রাখার পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি মেট্রোপলিটন এলাকাগুলোতে অনলাইন শিক্ষাব্যবস্থাকে আরও গুরুত্ব দেওয়ার বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে।
শিক্ষাব্যবস্থার কাঠামোগত কিছু সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচিতে দীর্ঘসূত্রতা রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ডিসেম্বরে ক্লাস ও অভ্যন্তরীণ পরীক্ষা শেষ করলেও পাবলিক পরীক্ষাগুলো পরবর্তী বছরের এপ্রিল ও জুনে অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীদের সময় নষ্ট হচ্ছে।
সরকার মনে করছে, এসব কারণে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে বিলম্ব হচ্ছে, যা জাতীয় পর্যায়েও নেতিবাচক প্রভাব ফেলছে।

