উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশাল জেলার উজিরপুর উপজেলার ৮ নম্বর শিকারপুর ইউনিয়নে জেলেদের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে। ইউনিয়নের ৭০ জন জেলেকে জনপ্রতি ৪০ কেজি করে এ সহায়তা প্রদান করা হয়।
সোমবার, ৩০ মার্চ ২০২৬ খ্রি., দুপুরে শিকারপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এ চাল বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. মেহেদী হাসান, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মেহেদী হাসান, উজিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মাহফুজুর রহমান মাসুম এবং সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্না।
এ সময় বক্তারা বলেন, দেশের মৎস্যসম্পদ সমৃদ্ধ রাখতে হলে জাটকা সংরক্ষণে সকলকে সচেতন হতে হবে। কোনোভাবেই জাটকা মাছ শিকার করা যাবে না এবং সরকার নিষিদ্ধ ঘোষিত জাল বা ফাঁদ ব্যবহার থেকেও বিরত থাকতে হবে।
তারা আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষা করা না গেলে “মাছে-ভাতে বাঙালি” পরিচয় একসময় শুধু বই-পুস্তকেই সীমাবদ্ধ হয়ে পড়বে। তাই ইলিশসহ দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

