মো. তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর নতুন বাজার এলাকার কাজী ফিলিং স্টেশনে স্বাভাবিক সময়ে যেখানে প্রতিদিন প্রায় ১,৫০০ লিটার পেট্রোল বিক্রি হতো, সেখানে বর্তমানে ৪,৫০০ লিটার তেল সরবরাহ করেও রেশনিং করতে হচ্ছে। এতে করে জ্বালানি সংকট আরও প্রকট আকার ধারণ করেছে।
পাম্পটিতে আজ সকাল ৭টা ৩০ মিনিট থেকে তেল বিতরণ শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলতে থাকে। সকালে মোটরসাইকেল প্রতি ৫০০ টাকার অকটেন দেওয়া হলেও, দুপুরের পর তা কমিয়ে প্রতি মোটরসাইকেলে ২০০ টাকার পেট্রোল সরবরাহ করা হয় এবং প্রাইভেট কার প্রতি ১০০০ টাকা করে পেট্রোল দেয়া হয়।
অনুসন্ধানে দেখা যায়, একই মোটরসাইকেল চালক একাধিকবার—কখনো ২ থেকে ৩ বার পর্যন্ত—লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করছেন। ফলে সাধারণ ভোক্তাদের ভোগান্তি আরও বেড়ে যাচ্ছে।
অন্যদিকে, রাজবাড়ীর পলাশ ফিলিং স্টেশনেও একই চিত্র দেখা গেছে। পাম্পটি প্রতিদিন দুপুর ৩টা থেকে তেল বিতরণ শুরু করলেও সন্ধ্যা ৬টার মধ্যেই তেল শেষ হয়ে যাওয়ায় বন্ধ করে দেওয়া হচ্ছে। এতে অনেক গ্রাহক ৩ থেকে ৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল না পেয়ে ফিরে যাচ্ছেন।
এমন পরিস্থিতিতে ধারণা করা হচ্ছে, জ্বালানি তেলের এই কৃত্রিম সংকটের পেছনে মোটরসাইকেল চালকদের অতিরিক্ত চাহিদা, অবৈধ ব্যবসায়ীদের দৌরাত্ম্য এবং ব্যবস্থাপনার দুর্বলতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে পুলিশ প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং জেলা প্রশাসনের ভূমিকার কারণে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে।

