সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় হঠাৎ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ঝড়ের তাণ্ডবে জেলার বিভিন্ন এলাকায় ঘরের টিনের চাল উড়ে গেছে, গাছপালা উপড়ে পড়েছে এবং অনেক পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে।
রোববার (২৯ মার্চ) রাত ১০টার দিকে আকস্মিকভাবে এ ঝড় শুরু হয়। প্রবল দমকা হাওয়া ও শিলাবৃষ্টিতে মুহূর্তেই জনজীবনে নেমে আসে দুর্ভোগ।
জেলা শহরের বিভিন্ন এলাকায় টিনের ঘরবাড়ির চাল উড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। কোথাও কোথাও বড় গাছ ও ডালপালা ভেঙে সড়কের ওপর পড়ে, ফলে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। গাছের ডাল বিদ্যুতের তারের ওপর পড়ে যাওয়ায় কিছু এলাকায় এখনো বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
শহরের সুলতানপুর এলাকায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। সেখানে অন্তত ১৫টি ঘরের টিনের চাল উড়ে গেছে। এতে অনেক পরিবার খোলা আকাশের নিচে অবস্থান করছেন।
এছাড়া শিলাবৃষ্টির কারণে আমসহ বিভিন্ন কৃষিজ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
ক্ষতিগ্রস্তরা জানান, ঝড়ের তীব্রতা এত বেশি ছিল যে কিছু বুঝে ওঠার আগেই ঘরের চাল উড়ে যায়। অনেকেই প্রাণ বাঁচাতে দ্রুত ঘর ছেড়ে বের হয়ে আসেন।
এদিকে, এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হয়নি বলে জানিয়েছে জেলা প্রশাসন।


