কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় কুড়িয়ে পাওয়া এক নবজাতক শিশুকে নিজের সন্তান হিসেবে লালন-পালনের ইচ্ছা প্রকাশ করেছেন অবিবাহিত মোছা. মেহের নিগার। এ বিষয়ে তিনি আইনগতভাবে শিশুটির অভিভাবকত্ব পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সহায়তা চেয়েছেন।
জানা যায়, মোছা. মেহের নিগার দৌলতপুর উপজেলার লাল নগর এলাকার মৃত মোজাফফর হোসেন ও আকলিমা বেগমের বড় মেয়ে। ২০২৫ সালের ১৯ অক্টোবর রাত আনুমানিক ১১টার দিকে ঢাকার সাভারের আশুলিয়া এলাকার জিরানী কোনাপাড়ায় ময়লার স্তুপ থেকে এক নবজাতক শিশুর কান্না শুনে তার বোন মমজাত খাতুন শিশুটিকে উদ্ধার করেন।
পরে শিশুটিকে নিজ বাড়িতে নিয়ে আসা হয় এবং প্রায় পাঁচ মাস ধরে তাকে লালন-পালন করা হচ্ছে বলে জানা গেছে। বিষয়টি পরবর্তীতে স্থানীয়ভাবে জানাজানি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিশুটির বিষয়ে খোঁজ নেয় এবং সমাজসেবা কর্মকর্তারা শিশুটিকে নেওয়ার উদ্যোগ নেয়।
তবে মেহের নিগার শিশুটিকে নিজের কাছেই রাখতে আগ্রহ প্রকাশ করেন এবং জানান, তিনি শিশুটিকে মায়ের মতো ভালোবেসে লালন-পালন করছেন এবং আইনগতভাবে তার অভিভাবকত্ব পেতে চান।
তিনি বিষয়টি নিয়ে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসার সঙ্গে যোগাযোগ করেন। পরে তাকে ঢাকায় গিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ ও সহায়তার আশ্বাস দেওয়া হয়।
পরবর্তীতে তিনি ঢাকায় গিয়ে নোটারি পাবলিকের মাধ্যমে অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন এবং স্বরাষ্ট্র ও সমাজকল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত আবেদন জমা দেন বলে জানা গেছে।
শিশুটির নাম রাখা হয়েছে ‘আব্দুর রহমান আনাচ’। বর্তমানে বিষয়টি আইনি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়। মেহের নিগার এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন।

