চলতি বছরের ঈদ উপলক্ষে আগের ও পরের সময় মিলিয়ে সড়ক, রেল ও নৌপথে মোট ৩৭৭টি দুর্ঘটনায় ৩৯৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। একই সময়ে আহত হয়েছেন ১ হাজার ২৮৮ জন।
সোমবার (৩০ মার্চ) সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা প্রতিবেদন-২০২৬’ প্রকাশ করা হয়। সেখানে প্রতিবেদনটি উপস্থাপন করেন সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।
প্রতিবেদনে বলা হয়, ঈদের ১৫ দিনের মধ্যে শুধু সড়কপথেই ৩৫১টি দুর্ঘটনায় ৩৫১ জন নিহত এবং অন্তত ১ হাজার ৪৬ জন আহত হয়েছেন। গত বছরের তুলনায় এবার দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা উভয়ই বেড়েছে। মোট দুর্ঘটনার প্রায় ৪৩ শতাংশ জাতীয় মহাসড়কে সংঘটিত হয়েছে।
সার্বিক হিসাবে, সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে মোট ৩৭৭ দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত ও ১ হাজার ২৮৮ জন আহত হন। এর মধ্যে রেলপথে ২৩টি ঘটনায় ৩৫ জন নিহত ও ২২৩ জন আহত এবং নৌপথে ৮টি ঘটনায় ৮ জন নিহত, ১৯ জন আহত ও ৩ জন নিখোঁজের তথ্য পাওয়া গেছে। এসব ঘটনা ১৪ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ঈদযাত্রার সময়কালে রেকর্ড করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, মোটরসাইকেল দুর্ঘটনা এবারও সবচেয়ে বেশি প্রাণঘাতী হিসেবে দেখা গেছে। ১২৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩৫ জনের মৃত্যু হয়েছে, যা মোট সড়ক দুর্ঘটনার উল্লেখযোগ্য অংশ।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, পরিবহন খাতে সুশাসনের ঘাটতি ও নিয়ন্ত্রণহীন ব্যবস্থাপনার কারণে ঈদযাত্রায় দুর্ঘটনা বাড়ছে। পাশাপাশি যাত্রী প্রতিনিধিদের অংশগ্রহণ ছাড়াই সিদ্ধান্ত নেওয়ায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে বলেও মন্তব্য করা হয়।

