বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও আনন্দ আহুজা দম্পতির ঘর আলো করে এসেছে তাদের দ্বিতীয় সন্তান। রোববার (২৯ মার্চ) এক ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে সোনম নিজেই ভক্তদের এই সুখবরটি নিশ্চিত করেছেন।
ইনস্টাগ্রামে শেয়ার করা পোস্টে সোনম লিখেছেন:
“অসীম কৃতজ্ঞতা ও ভালোবাসায় পূর্ণ হৃদয়ে আমরা জানাচ্ছি যে, আমাদের পুত্রসন্তানের আগমন ঘটেছে। আমাদের পরিবার এখন আরও বড় হলো। বড় ছেলে বায়ু তার ছোট ভাইকে পেয়ে অত্যন্ত আনন্দিত।”
তিনি আরও যোগ করেন যে, চারজনের পরিবার হিসেবে জীবনের এই নতুন অধ্যায় শুরু করতে পেরে তাঁরা গভীরভাবে ধন্য ও কৃতজ্ঞ।
খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই বলিউড পাড়ায় আনন্দের মেজাজ বিরাজ করছে। কারিনা কাপুর খান, আলিয়া ভাট, মালাইকা অরোরাসহ বলিউডের সহকর্মী এবং অগণিত ভক্ত এই দম্পতিকে শুভকামনায় ভাসিয়েছেন। নানা অনিল কাপুর ও নানি সুনিতা কাপুরের বাড়িতেও এখন উৎসবের আমেজ।
২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনম কাপুর। ২০২২ সালের ২০ আগস্ট তাদের প্রথম সন্তান বায়ু কাপুর আহুজার জন্ম হয়। চার বছর পর দ্বিতীয় সন্তানের আগমনে কাপুর ও আহুজা পরিবারে পূর্ণতা পেল। মা ও নবজাতক দুজনই বর্তমানে সুস্থ আছেন বলে জানা গেছে।

