রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি:
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন-এ ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পোল্ট্রি ফার্মের প্রায় ২ হাজার মুরগির বাচ্চা পুড়ে মারা গেছে। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মতি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে খামারি সাজাইউ মারমার প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত খামারি সাজাইউ মারমা জানান, দুপুরে হঠাৎ তার খামারে আগুন লাগে এবং মুহূর্তেই তা পুরো ফার্মে ছড়িয়ে পড়ে। এ সময় তিনি ও স্থানীয়রা কৃষিকাজে ব্যস্ত থাকায় আগুন নেভানোর সুযোগ পাননি। দুর্গম এলাকা ও আশপাশে কম বসতি থাকায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানা যায়নি। স্থানীয় ইউপি সদস্য পাইসুই খই মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুনে খামারের সব মুরগির বাচ্চা পুড়ে গেছে, এতে খামারির বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে।
কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ-সহকারী কর্মকর্তা অমল কান্তি বড়ুয়া বলেন, সাজাইউ মারমা একজন সফল খামারি ছিলেন। এই অগ্নিকাণ্ডে তার বড় ক্ষতি হয়েছে।
বর্তমানে সহায়-সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন খামারি। স্থানীয়দের মতে, সরকারি বা বেসরকারি সহায়তা ছাড়া তার পক্ষে পুনরায় খামার চালু করা কঠিন হয়ে পড়বে।

