রাষ্ট্র পরিচালনার মাত্র ৩৭ দিনের মাথায় নিজ দলের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের কঠোর জবাবদিহির মুখোমুখি করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।
শনিবার (২৮ মার্চ ২০২৬) বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপি সংসদীয় কমিটির বৈঠকে অন্তত ৬ জন মন্ত্রী-প্রতিমন্ত্রীর কর্মকাণ্ড ও বর্তমান সংকট নিয়ে ব্যাখ্যা চাওয়া হয়। বৈঠকে প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন—সংসদকে কার্যকর করতে হবে এবং জনগণের প্রত্যাশা পূরণে কাজের গতি বাড়াতে হবে।
দেশে তেলের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও কেন কৃত্রিম সংকট তৈরি হচ্ছে, সে বিষয়ে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর কাছে জবাব চান প্রধানমন্ত্রী। বৈঠক সূত্রে জানা গেছে:
বিশ্ববাজারে দাম বাড়লেও কৃষকদের স্বার্থে প্রতি মাসে প্রায় ২০০ কোটি টাকা ভর্তুকি দিয়ে তেলের দাম নিয়ন্ত্রণে রাখা হচ্ছে। বর্তমানে ২ লাখ টন তেল নিয়ে জাহাজ বন্দরে ভিড়েছে এবং আরও ২ লাখ টন আসার পথে।
সীমান্ত দিয়ে তেল পাচার ও অসাধু চক্রের কৃত্রিম সংকট রোধে স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘চিরুনি অভিযান’ পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। নিজ নিজ এলাকায় প্রশাসন ও সাধারণ মানুষের সাথে সমন্বয় করে তেল মজুতকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে এমপিদের নির্দেশ দিয়েছেন তারেক রহমান।
ঈদযাত্রায় সড়ক, নৌ ও রেলপথে দুর্ঘটনার হার এবং প্রাণহানি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়। এক্ষেত্রে কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। এছাড়া পররাষ্ট্রমন্ত্রীর কাছে বর্তমান বিশ্ব পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্পর্কের সমসাময়িক চ্যালেঞ্জগুলো নিয়ে জানতে চাওয়া হয়।
বৈঠকে সংসদ সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও চলমান সংকট নিয়ে মিডিয়ার সামনে অতিরঞ্জিত বা বির্তক সৃষ্টি হয় এমন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে হবে। অহেতুক ‘প্যানিক’ তৈরি না করে সঠিক তথ্য উপস্থানের তাগিদ দেন তিনি।
বৈঠক শেষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান:
অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১১৩টি পাসের বিষয়ে সরকারি ও বিরোধী দল একমত হয়েছে। বাকি ২০টি অধ্যাদেশ নিয়ে বিশেষ কমিটি কাজ করছে।
আজ (২৯ মার্চ) দুপুর ২টায় বিএনপির সংসদীয় দলের আবারও বৈঠক হবে এবং বিকেল ৩টায় বসবে সংসদের মুলতবি অধিবেশন। আজ ৩০০ বিধিতে জ্বালানিমন্ত্রী তেলের পরিস্থিতি নিয়ে বিস্তারিত বক্তব্য রাখবেন।
বৈঠকের শুরুতে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে শোক প্রস্তাব ও মোনাজাত করা হয়। এর আগে বিএনপির সংসদীয় দলের বৈঠকে সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার ঐতিহাসিক সিদ্ধান্তের কথা পুনরুল্লেখ করা হয়।

